আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারপতিকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে রাজধানী কাবুলে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর রয়টার্স ও সিনহুয়ার
আহমেদ ফাহিম নামের সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা বলেন, রবিবার সকালে কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ঐ দুই বিচারপতি। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়। এক বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, দুর্ভাগ্যজনক যে আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ঐ গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু এর আগেই হামলার শিকার হন তারা। গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তালেবান জানিয়েছে, তাদের কেউ এই হামলায় জড়িত নয়। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।