কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত হয়েছেন। রবিবার উপজেলার এলেঙ্গা পৌরসভার সরুপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হাফেজ উদ্দিন (৬৫)। তিনি একই এলাকার মরহুম বাহাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, ঘটনার দিন সকাল ১১ টার দিকে বিতর্কিত জমিতে দুই পক্ষের মধ্যে কথা কাটাটানি ও উত্তেজনা চলছিল। এ সময় নিহতের চাচাতো ভাই মো. পরেশ মিয়ার স্ত্রী মনি খাতুন ইট দিয়ে ঢিল ছুড়লে সেটা মো. হাফেজ মিয়ার মাথায় লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় আত্মীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোটবোন  জহুরা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরেই হুরমুজ আলী জমি নিয়ে হুমকি দিয়ে আসছিল। আমার ভাই বাড়ির পাশের জমিতে গেলে তাকে ইট দিয়ে আঘাত করে মনি। আমি আমার ভাই হত্যার বিচারও দাবি করেন তিনি।’

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। বিষটি নিয়ে দুই পক্ষ পৌরসভায় আবেদন করেছিল। আগামী রবিবার এই বিষয়টি নিয়ে বসার কথা ছিল।’ 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রাহেদুল ইসলাম জানান, ‘ঘটনাটি শোনার পর আমারা পরিদর্শন করেছি। লাশ পোস্টমডেমের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’                                                             
     
ইত্তেফাক/কেকে