এই সময়ের ছড়া

কেন এমন নয়

 

হাসপাতালের বহিঃবিভাগ—মূল ফটকের পাশে,

দাঁড়িয়ে মফিজ সাগরকলা গিলছিল গোগ্রাসে।

 

ঠিক তখনই থামল এসে রোগীর দুটো গাড়ি,

গাড়ি থেকে রোগীর স্বজন নামল তাড়াতাড়ি।

 

রোগী দেখেই দৌড়ে এলো নার্স-ডাক্তার-বয়,

তাঁদের হাতে রোগী মানেই নেই আর কোনো ভয়।

 

স্বজন শুধুই ডাকবে তাঁকে, সব মালিকের হাতে,

নিচে ওরাই করবে যা যা—আস্থা আছে তাতে।

 

ল্যাবরেটরি, ওটি-ড্রেসিং যখন যেটা লাগে—

সকল কিছুর ঊর্ধ্বে সেসব, করবে তারা আগে।

 

ডাক্তার-নার্স ফেরেশতা নয়! হাতে জাদুর ছোঁয়া,

রোগ আর রোগী তাদের কাছে ছেলের হাতে মোয়া।

 

সবাই ভীষণ চটপটে আর দক্ষ স্ব-স্ব কাজে,

সেবাই যাঁদের ধর্ম তাঁদের—এই না হলে সাজে?

 

বেড খালি নেই, ব্লাড লাগবে? নো প্রবলেম মানি,

এনাফ তারাই, নো টেনশান, কিসের পেরেশানি!

 

হাসপাতালের ভিতর-বাহির এমন পরিপাটি,

ইচ্ছে তোমার হতেই পারে—জিভ লাগিয়ে চাটি!

 

ঝা ঝকঝক! আয়া-ক্লিনার তাঁদের মুখেও হাসি,

ডাকলে তাঁরাও সব করে দেন একনিমেষে আসি!

 

সব বকোয়াজ! ভাবছ নাকি সত্যি এমন হয়?

গিলছে কলা, ভাবছে মফিজ, কেন এমন নয়??