পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ

করোনার প্রভাবে আমাদের নাগরিক জীবনটা স্থবির হয়ে গেছে। খুব প্রয়োজন না হলে কেউ বাসা থেকে বের হন না। আর দীর্ঘ সময় বাসায় থাকার কারণে অনেকেই মানসিক অবসাদে ভোগেন। তাই মনকে চাঙ্গা করতে প্রিয়জনকে নিয়ে রাজধানীর আশেপাশে কয়েক ঘণ্টার জন্য কোথাও ঘুরে আসতে পারেন। করোনা থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করে তবেই বাইরে বের হবেন। শীতের এই সময়ে বাইরে বের হলে আপনার পোশাকের সঙ্গে মানানসই অনুষঙ্গ কী হতে পারে—তা নিয়ে লিখেছেন লোপা চৌধুরী

যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে কে না চায়। এজন্য শুধু সাজগোজ করলেই হয় না। পাশাপাশি পোশাকের ব্যাপারটিও সমান গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে চাই পোশাকের সঙ্গে মানানসই অনুষঙ্গ। অনুষঙ্গের মধ্যে ব্যাগ প্রথমেই আসে। যাতে আপনি প্রয়োজনীয় সবকিছু সঙ্গে নিতে পারেন। আর যেনতেন ব্যাগ হলে কি চলবে? ব্যাগটা হওয়া চাই একেবারে হাল ফ্যাশনের স্টাইলিশ ব্যাগ। আবার দামটাও থাকা চাই হাতের নাগালে। এগুলোর কোনো একটি নির্বাচনে যদি ভুল হয় তাহলে সাজে পূর্ণতা আসে না।

ফ্যাশন চলে সব জায়গায়—ঘরে, বাইরে, অফিসে, কলেজে এবং শপিংমলে। তাই ব্যাগে শুধু মোবাইল নিলেই চলে না। ব্যাগে রাখতে হয় নানান কিছু, যেমন—মোবাইল, চাবির রিং, টাকা, কিছু সাজগোজের জিনিস, কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আরও কিছু ছোটখাটো জিনিস। তাই একেবারে ছোট্ট ব্যাগ না নিয়ে একটু বড় আকারের ব্যাগ নিয়েই বের হোন সবাই।

ফ্যাশন সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, কিন্তু ঘুরেফিরে আবার নতুন রূপে এসে হাজির হয়। বর্তমানে ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলছে ছোট হাতলের মাঝারি আকারের ব্যাগ। এটি দেখতে যেমন ফ্যাশনেবল, ব্যবহারেও তেমনি সুবিধাজনক। ব্যাগগুলো ছোট দেখালেও এর ভিতরে কিন্তু বেশ জায়গা রয়েছে। এছাড়া সবসময় ব্যবহারের জন্য আপনি কিনতে পারেন জিন্স ও চামড়ার মিশেলে তৈরি করা ব্যাগ। যা এই সময়ের তরুণ-তরুণীরা বেশ পছন্দ করেন।

বাজারে সাদা, কালো, সবুজ, হলুদ, বেগুনী, নীল, ধূসরসহ আরও নানা রঙের ডিজাইন করা ব্যাগ পাওয়া যায়। এগুলো সব ধরনের ড্রেসের সঙ্গে বিশেষ করে শাড়ি, কামিজ, শার্ট, টপ, জিন্স এমনকি স্কার্টের সঙ্গে সহজেই ভালো মানিয়ে যায়।

আবার যারা চাকরি করেন তারা অফিসেও নিয়ে যেতে পারেন মাঝারি সাইজের এই ব্যাগগুলো। ভিতরে যথেষ্ট জায়গা থাকায় এসব ব্যাগে অনেক কিছুই রাখা যায়। আবার এগুলো বেশ মজবুতও হয়। শুধু চাকরিজীবী নন, আজকাল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও হাল-ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের ব্যাগ ব্যবহার করছে।

নিউমার্কেটসহ রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে এধরনের বিভিন্ন ডিজাইনের ব্যাগ কিনতে পাবেন। এগুলোর দাম ৬০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। এছাড়া ফার্মগেট, বঙ্গবাজারসহ ফুটপাতেও মিলবে নানা ডিজাইনের ব্যাগ। যেগুলোর দাম কিছুটা হলেও কম।

 

মডেল রিবা ও রাব্বি

পোশাক ও অনুষঙ্গ কে ক্র্যাফট ও ইয়াং কে

ছবি রনি