করোনার এই সময়ে বাইরের খাবার যতটা পারা যায় কম খাওয়া উচিত। আর তাই বিকালের নাস্তার জন্য ঘরে বসেই তৈরি করে নিতে পারেন মুখরোচক কিছু আইটেম। চার পদের রেসিপি দিয়েছেন আঞ্জুমান আরা রোজী
সমুচা
উপকরণ :ময়দা ২ কাপ, চিকেন কিম ১ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আদা-রসুন বাটা ১/২ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, লবণ ও তেল পরিমাণমতো।
প্রণালি :প্রথমে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে কিমা সিদ্ধ করে নিন। একটি প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। তারপর কিমা দিয়ে দিন। এরপর লবণ, কাঁচা মরিচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে স্বাদ দেখে নামিয়ে নিন। এবার ময়দা মাখিয়ে নিন। ময়দা মাখানো হলে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে রুটি বেলে নিন। রুটিগুলো লম্বা ফিতের মতো করে কেটে সমুচার ভাজ তৈরি করুন এবং ভেতরে পুর দিয়ে মুখ শক্ত করে আটকে দিন। সব সমুচা বানানো হয়ে গেলে প্যানে ভাজার জন্য তেল গরম করে অল্প আঁচে লালচে করে ভেজে ফেলুন। সমুচা ভাজা শেষে সসের সঙ্গে পরিবেশন করুন।
সিঙ্গারা
উপকরণ :আলু ১/২ কেজি, মৌরি ১/২ চা চামচ, জিরা ১/২ চা চামচ, মেথি ১/২ চা চামচ, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, আদা ছেঁচা ২ চা চামচ, জিরা টালা গুঁড়া ১ চা চামচ, দারুচিনি গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ১টি, ময়দা ২ কাপ, কালোজিরা ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ৫০০ মিলি।
প্রণালি :আলু খোসা ছাড়িয়ে মটরের মতো ছোট ছোট টুকরা করে নিতে হবে। কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল গরম করে মৌরি, জিরা ও মেথি একসঙ্গে মিশিয়ে তেলে ফোড়ন দিন। পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা ও তেজপাতা দিয়ে ভেজে নিয়ে আলু দিন।একটু ভাজা হলে ১ চা চামচ লবণ ও ৩ টেবিল চামচ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। আলু সিদ্ধ হয়ে গেলে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন আলু ভাজা ভাজা হয় এবং একটু একটু করে ভেঙ্গে যায়। জিরা ও দারুচিনির গুঁড়া দিয়ে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে আলু ২৪ ভাগ করে হাতের মুঠায় ঠেসে গোল করে নিতে হবে। এতে খামিরে ভরতে সুবিধা হবে। ময়দায় ৪ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন। কালোজিরা মেশান। আধা কাপ পানিতে ১ চা চামচ লবণ গুলে এই পানি পরিমাণমতো দিয়ে ময়দা মথে নিন। খামির শক্ত হবে। এক ঘণ্টা রেখে দিন। খামির ভালো করে মথে ১২ ভাগ করে নিন। একভাগ ডিমের আকারে বেলে ছুরি দিয়ে কেটে দু’ভাগ করে নিন। একভাগ দু’হাতে ধরে কোণ বা পানের খিলির মতো ভাঁজ করুন। ভিতরে ভর্তি করে ঠেসে আলুর পুর দিন। খোলামুখে পানি লাগিয়ে ভালোভাবে এঁটে দিন প্যাকেটের মতো। নীচের সুচালো অংশ একটু মুড়ে দিন। চওড়া মোড়ানো দিক উপরে দিয়ে সিঙ্গারা একটি থালায় সাজিয়ে রাখুন। এভাবে সব সিঙ্গারা তৈরি করে নিন। কড়াইয়ে তেল মৃদু আঁচে অনেকটা সময় গরম করে নিন। আঁচ বেশি হলে সিঙ্গারার চেহারা নষ্ট হয়ে যাবে। অর্ধেক সিঙ্গারা একবারে তেলে ছাড়ুন। মৃদু আঁচে ১০-১৫ মিনিট ভাজুন। হালকা বাদামি ও মচমচে হলে নামিয়ে নিন। এবার তেঁতুলের চাটনি বা টমেটো সসের সঙ্গে গরম সিঙ্গারা পরিবেশন করুন।
ডালপুরি
উপকরণ :মসুর ডাল আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, শুকনা মরিচ ৬টি, দারুচিনি ১ টুকরা, এলাচ ২টি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ময়দা ৩ কাপ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল ও পানি পরিমাণমতো।
প্রণালি :ডালে আধা থেকে পৌনে এক কাপ পানি, আদা, দারুচিনি, এলাচ এবং লবণ দিয়ে মৃদু আঁচে সিদ্ধ করুন। ডাল সিদ্ধ হয়ে শুকালে ভালোভাবে নেড়ে নামান। এবার দারুচিনি ও এলাচ তুলে ফেলে দিন। হাত দিয়ে ডাল মথুন। শুকনো মরিচ তেলে ভেজে গুঁড়া করুন। ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করুন। ডালের সঙ্গে ভাজা মরিচ, বেরেস্তা, ধনেপাতা ও লবণ মেশান। ময়দার সঙ্গে ২ চা চামচ লবণ ও ৬ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন (ডালপুরি খাস্তা না করে নরম করতে চাইলে ময়দায় আরো ২ টেবিল চামচ তেলের ময়ান দেবেন) আধা কাপ থেকে ১ কাপ পানি দিয়ে ময়দা মথুন। খামির নরম করবেন। ময়দা ও ডাল সমান ভাগ করুন। এক ভাগ ময়দা নিয়ে গোল বাটির মতো করে মাঝে ডাল ভরে মুখ বন্ধ করুন। এভাবে সবগুলো করুন। পিঁড়িতে হালকা তেল দিন। একেকটি ডালের পুরভরা ময়দার গোলা নিয়ে মুখ বন্ধ দিক নিচের দিকে রেখে বেলুন। সাবধানে বেলবেন যেন ডাল বের না হয়। ডালপুরি ডুবো তেলে মাঝারি আঁচে মচমচে করে ভাজুন। এবার সস, চাটনি বা আচার দিয়ে পরিবেশন করুন।
স্প্রিং রোল
উপকরণ :সবজি (গাজর, পেঁপে, আলু, বাঁধাকপি, ফুলকপি) ভাপিয়ে নেওয়া ২ কাপ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, রসুন বাটা ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, চিনি আধা চা চামচ, সয়াসস ১ চা চামচ, ডিম ১টি, পেঁয়াজ কুচি ২ চা চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল পরিমাণমতো।
প্রণালি :ময়দা, লবণ, চিনি, ডিম ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে খামির তৈরি করুন। এই খামির থেকে লেচি কেটে খুব পাতলা রুটি বেলুন। সেই রুটিগুলো তাওয়ায় দিয়ে গরম করুন। কড়াইয়ে তেল দিয়ে রসুন, আদা, সবজি, সয়াসস, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, পুঁদিনাপাতা কুচি, লবণ ও চিনি দিয়ে একটু নেড়ে নিন। ভালোভাবে ভাজা ভাজা করে নিন। এরপর পাতলা রুটির মধ্যে পুরের মতো করে সবজি দিয়ে লম্বা লম্বা রোল তৈরি করুন। একটি গোল রুটি নেবেন, লম্বা করে খানিকটা পুর বিছিয়ে রুটির দু’পাশ মুড়ে নেবেন। তারপর সুন্দরভাবে রোল করে শেষ প্রান্ত আটকে দেবেন গোলানো ময়দা দিয়ে। কড়াইয়ে ডুবো তেল দিয়ে বাদামি করে ভেজে নিয়ে এবার পরিবেশন করুন। সুইট সসের সঙ্গে দারুণ লাগবে এই রোল।