বিনোদন ডেস্ক
বলিউডের নবাগত নায়িকা সারা আলী খানের দুটি সিনেমা পরপর মুখ থুবড়ে পড়লেও ভরসা কমেনি পরিচালক-প্রযোজকদের। বলা চলে, চোখ বুজেই যেন তারা ভরসা রাখছেন সাইফ কন্যার ওপর। এরই প্রমাণ মিললো নতুন বছরের শুরুতেই। ‘উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত নির্মাতা আদিত্য ধরের পরবর্তী সিনেমা ‘দি ইমমর্টাল অশ্বত্থামা’-এ ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সারা। এরইমধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী।
জানা গেছে, রনি স্ক্রুওয়ালার প্রযোজনায় মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র অশ্বত্থামাকে নিয়ে কল্পবিজ্ঞানকে আশ্রয় করে তৈরি হবে নতুন এই সিনেমাটি। এর মাধ্যমে প্রথম সাই-ফাই সিনেমায় দেখা যাবে সারাকে। আগামী এপ্রিল থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। ভারতের বিভিন্ন লোকেশন ছাড়াও গ্রিস, নিউজিল্যান্ড, জাপান ও কলম্বিয়ায় সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় সিনেমাটির টিম। এছাড়া সারা বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘অতরঙ্গি’ সিনেমার কাজ নিয়ে। এই সিনেমার শুটিং শেষেই ‘দি ইমমর্টাল অশ্বত্থামা’র কাজ শুরু করবেন তিনি।
নতুন সিনেমাটিতে সারার অভিনয় নিয়ে শুভেচ্ছার পাশাপাশি বিরূপ প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। এখন দেখার অপেক্ষা ঘুরে দাঁড়াতে পারেন কি-না নবাব কন্যা।