এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল মঙ্গলবার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এরশাদের সুস্থতা কামনায় খতমে শেফা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মঙ্গলবার।

সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এরশাদের শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে জানান তিনি।

জি এম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে, আশা করি, দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের হতদরিদ্র মানুষের কথা বলেতে জাতীয় পার্টি কখনই পিছপা হবে না। গঠনমূলক সমালোচনা এবং সংসদীয় রীতিনীতি অনুসরণ করে গণমানুষের পক্ষে অবস্থান নেবে জাতীয় পার্টি। সাধারণ মানুষর পক্ষে থেকে ৮০ ভাগ জনসমর্থন অর্জন করে আগামী জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্য আছে জাতীয় পার্টির।

আরও পড়ুন: সমঝোতা প্রস্তাবে পাত্তা না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

মঙ্গলবার বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে এরশাদের সুস্থতা কামনায় খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এমআই