স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনট উপজেলায় যমুনার চর থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে সাত জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভাণ্ডারবাড়ী ইউনিয়নের যমুনার চর থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগে তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ধুনট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান। এ সময় বালু পরিবহনের চারটি বাল্কহেড জব্দ করা হয়। ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কারাদণ্ডপ্রাপ্তদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।