গোয়ালন্দে জাটকা ও জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজার এলাকা থেকে ৩০ কেজি জাটকা ও ৪০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মত্স্য বিভাগের অভিযানে এ মাছ জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা নাহিদ জাটকা বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা এবং জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও চিংড়ি পুড়িয়ে ধ্বংস করেন। জেলা মত্স্য কর্মকর্তা জয়দেব পাল এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।