ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ভবনে শুরু হয়েছে তিন দিনব্যাপী এসএমই পণ্যমেলা-২০২১। গতকাল সোমবার বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি চাষী মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলামসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বিসিকের সহযোগিতায় বাংলাদেশ এসএমই ফোরাম এ মেলার আয়োজন করেছে। মেলায় ১০০ উদ্যোক্তা ৩০টি স্টলে স্থান পেয়েছে ৬৪ জেলার ঐতিহ্যবাহী এসএমই পণ্য। মেলায় শাড়ি-কাপড়, থ্রিপিস, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটিরশিল্পজাত পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্যসামগ্রী, বুটিক, বাটিক, মধু, তৈজসপত্র, পাটজাত পণ্যসহ বিভিন্ন দেশীয় এসএমই পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তাগণ। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।