স্পোর্টস রিপোর্টার
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজ সম্প্রচার হবে দেশীয় তিনটি চ্যানেলে। তিন ওয়ানডে, দুই টেস্টের সিরিজটা সম্প্রচার করবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া বেনটেক লিমিটেড। ১৭ কোটি ৯৭ লাখ টাকায় স্বত্ব কেনার পর সেটি বেনটেক বিক্রি করেছে টি-স্পোর্টস ও নাগরিক টিভির কাছে।
গতকাল সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক জালাল ইউনুস, বেনটেকের পরিচালক আমজাদ হোসেন, টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান ও নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক উপস্থিত ছিলেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশের বাইরে ভারতে, ইংল্যান্ডে, মধ্যপ্রাচ্যে, ওয়েস্ট ইন্ডিজে ম্যাচগুলো সম্প্রচার হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে টি-স্পোর্টসের কর্তারা। এছাড়া ২৬টি ক্যামেরা ব্যবহার হবে। স্পাইডার ক্যাম রাখার চেষ্টা চলছে। সেক্ষেত্রে ড্রোন ক্যামেরা ব্যবহারের অনুমতি নিতে হবে সরকারের কাছ থেকে। সবমিলিয়ে ভালো সম্প্রচার আশা করছে বিসিবি।