কালিয়াকৈর পৌরসভার নির্বাচন নিয়ে সংশয়ে পৌরবাসী

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

চার বছর আগে মেয়াদ উত্তীর্ণ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন পৌরবাসী। বহুল কাঙ্ক্ষিত কালিয়াকৈর পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা না হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের অনেকে ভোটের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা পুরোদমে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা।

জানা যায়, ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে উপজেলার শ্রীফলতলী, মৌচাক ও আটাবহ ইউনিয়ন পরিষদের কিছু অংশ নিয়ে গঠিত হয় কালিয়াকৈর পৌরসভা। তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ কালিয়াকৈর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ইউএনওকে বাদ দিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমানকে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক নিযুক্ত করা হয়। মুজিবুর রহমান প্রশাসক নিযুক্ত হওয়ার পর পৌরসভার সীমানা নির্ধারণ বিষয়ে মামলা-মোকদ্দমার কারণে দীর্ঘদিন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে মামলা নিষ্পত্তি হওয়ার পর ২০১১ সালে অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। ঐ নির্বাচনে বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালের ৩০ নভেম্বর পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়। কিন্তু ফের মামলা-মোকদ্দমার কারণে দীর্ঘ চার বছরেও এখানে নির্বাচনের কোনো তপশিল ঘোষণা করা হয়নি।