২ হাজার কোটি টাকা পাচার মামলায় আবুকে হাইকোর্টের জামিন

ইত্তেফাক রিপোর্ট

ফরিদপুরে ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতারকৃত আসামি আনোয়ার হোসেন আবুকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক এবং আসামিপক্ষে মিন্টু কুমার মণ্ডল শুনানি করেন।

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় আওয়ামী লীগ নেতা সুবল চন্দ্রের বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৭ জুন শহরের বিভিন্ন স্থান থেকে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গত ২৬ জুন মামলা করে সিআইডি। এই মামলায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে এ মামলায় আবুকে গ্রেফতার দেখায় সিআইডি। নিম্ন আদালত জামিন না দিলে তিনি হাইকোর্টে আবেদন করেন।