আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সব কেন্দ্রে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সব খাতে উন্নয়ন করে চলেছে। মানুষ এই সরকারের কাছে আরো উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। গতকাল সোমবার সকালে চার দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রার্থীরা যেখানে সক্রিয় এবং জনপ্রিয় ছিল সেখানে তারা বিজয়ী হয়েছেন। এমনকি তাদের দুই জন বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছেন। এখন কোনো দোষ খুঁজে না পেয়ে ভোটের ব্যবধান বেশি বলছে। তিনি বলেন, ভোটকেন্দ্রে না এসে, প্রচার না চালিয়ে বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে। আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় উন্নয়নের বিজয়।
পৌরসভা নির্বাচনের পরে একজন কাউন্সিলরের মৃত্যুর ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডে যে-ই জড়িত থাকুক তার বিচার হবে। পরবর্তী ধাপের পৌরসভা নির্বাচনে সংঘাত ও হানাহানি এড়াতে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দিচ্ছি।
ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, আগুন, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে সরকারি কর্মচারী হিসেবে সবার মনে রাখতে হবে শুধু নিজে বাঁচার জন্য নয়, নিজের সুরক্ষা নিশ্চিত করে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা এবং জীবন রক্ষাই হতে হবে প্রধান লক্ষ্য।