মৃতের সংখ্যা কমলেও শনাক্ত বেড়েছে

দেশে করোনা ভাইরাস শনাক্তের ৩১৬তম দিনে গতকাল ২৪ ঘণ্টায় এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ৬৯৭ জন এবং মারা গেছে ১৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় (১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৭ জানুয়ারি সকাল ৮টা) শনাক্ত হয়েছিল ৫৬৯ জন এবং মারা গিয়েছিল ২৩ জন। অর্থাত্, রবিবারের তুলনায় গতকাল শনাক্ত বেড়েছে ১২৮ জন, কিন্তু সাত জন কম মারা গেছে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৬৯৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জন হয়েছে।       আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৭৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৫টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাব, অর্থাত্ সর্বমোট ১৯৯টি ল্যাবে ১২ হাজার ৭০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৭০ হাজার ১৬০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ লাখ ২৭ হাজার ১১৮টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৭ লাখ ৪৩ হাজার ৪২টি।