নির্বাচনে জয় পেতে বালাকোট হামলাকে কাজে লাগিয়েছিল মোদি সরকার :ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন,  নির্বাচনে সুবিধা পেতেই ২০১৯ সালে তার দেশের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার। ভারতের বেপরোয়া এবং সামরিকায়িত এজেন্ডা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি। দুই ভারতীয় সম্প্রচারকর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার পর সোমবার ধারাবাহিক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দেন ইমরান খান। খবর আনন্দবাজার পত্রিকা ও আলজাজিরার

ইমরান খান লিখেছেন, ‘২০১৯ সালে জাতিসংঘের সাধারণ সভাতেই জানিয়েছিলাম, ফ্যাসিবাদী মোদি সরকার বালাকোট সঙ্কটকে ব্যবহার করে অভ্যন্তরীণ          নির্বাচনে ফায়দা তুলেছে। যুদ্ধে প্ররোচনা জোগানো তাদের এক সাংবাদিকের কথোপকথন গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে। তাতে নরেন্দ্র মোদির সরকার এবং ভারতীয় সংবাদমাধ্যমের মধ্যেকার অসাধু যোগসূত্র এখন স্পষ্ট’। তিনি লেখেন, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেওয়া হচ্ছে। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। ১৫ বছর ধরে গোটা বিশ্বে আমাদের বদনাম করার যড়যন্ত্র হয়েছে। এসব এখন পানির মতো পরিষ্কার। যে ভয়ঙ্কর ষড়যন্ত্র দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যেকার সংঘাতকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে, তা ভারতের সংবাদমাধ্যমগুলোতেই উঠে এসেছে’।

ইমরান খান আরো লিখেছেন, ‘আবারও বলব যে পাকিস্তানের প্রতি ভারতের যুদ্ধভাবাপন্ন মনোভাব এবং মোদি সরকারের ফ্যাসিবাদী আচরণের পর্দাফাঁস করবে আমার সরকার। ভারতের এমন বেপরোয়া আচরণ, আগ্রাসি মনোভাব এখনই রুখতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। না হলে এই সংঘাত গোটা উপমহাদেশকে এতটাই খাদের কিনারায় পৌঁছে দেবে যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।