খুলনায় সাংবাদিক বালু হত্যাকাণ্ড

বিস্ফোরক মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, স্বাধীন ওরফে সৈয়দ ইকবাল হোসেন ও রিমন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মাসুম ওরফে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন। আসামিপক্ষে অ্যাডভোকেট এস এম মঞ্জুর আহমেদ ও চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন হুমায়ুন কবীর বালু নগরীর শান্তিধাম মোড়স্থ নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমি অফিসের গেটে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।

এ ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা করে। ২০০৮ সালের ১৩ ফ্রেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের তত্কালীন বিচারক মোহাম্মদ আব্দুস সালাম শিকদার এ মামলার রায়ে সাত আসামিকে বেকসুর খালাস দেন। অন্যদিকে, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হকের করা বিস্ফোরক মামলাটি অধিকতর তদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ঐ বছরের ১০ মে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ মামলাটি তদন্ত করেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহাদাত্ হোসেন।