চারটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৩টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। সোমবার নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে।
উপজেলাগুলো হচ্ছে—ঝিনাইদহের শৈলকূপা, ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা ও কুমিল্লার দেবিদ্বার। এ চারটি উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। বাকি ১২টিতে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হচ্ছে—রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা এবং ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ও নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়ন। আরো রয়েছে-টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পারখী, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গেরদা, চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড়। শুধুমাত্র ফরিদপুর সদর উপজেলার গেরদা ও পটুয়াখালী কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ভোট হবে।