পেলোসির চুরি করা ল্যাপটপ রাশিয়ার কাছে বিক্রি!

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিনিধি পরিষদের সিত্পকার ন্যান্সি পেলোসির অফিস থেকে তার ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। একজন নারী ল্যাপটপটি চুরি করেন এবং সেটি রাশিয়ার কাছে বিক্রির চেষ্টা করেছেন বলে জানা গেছে। খবর সিএনএনের

আদালতে দাখিল করা নথিতে এফবিআই দাবি করেছে, ল্যাপটপটি যে পেলোসির অফিস থেকেই চুরি হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এখনো তদন্ত চলছে। এ সংক্রান্ত মামলায় এক ব্যক্তি বলেছেন, রিলে জুন উইলিয়ামস নামের ঐ নারীর সঙ্গে তার একসময় রোমান্টিক সম্পর্ক ছিল এবং নারীর বাড়ি পেনসিলভেনিয়ায়। তিনিই ক্যাপিটল ভবনে হামলা চালানোর ভিডিওতে উইলিয়ামসকে শনাক্ত করেছেন। এ অভিযোগে উইলিয়ামসকে  গ্রেপ্তার করা হয় রবিবার। মামলায় উল্লেখ করা হয়েছে, উইলিয়ামসকে পেলোসির অফিস থেকে একটি ল্যাপটপ অথবা হার্ডড্রাইভ নিয়ে যেতে দেখা গেছে ভিডিওতে। তিনি ঐ কম্পিউটার ডিভাইস রাশিয়ায় অবস্থানরত তার এক বন্ধুর কাছে পাঠাতে চেয়েছিলেন। তার ঐ বন্ধু তখন ঐ ডিভাইসটি রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআরের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। অজ্ঞাত কারণে এটা রাশিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা। ঐ ব্যক্তি আরো বলেছেন, এখনো উইলিয়ামসের কাছে ঐ কম্পিউটার ডিভাইস আছে অথবা তিনি তা ধ্বংস করে ফেলেছেন। তবে উইলিয়ামসের বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ আনা হয়নি। তার বিরুদ্ধে কেবল ক্যাপিটল ভবনে প্রবেশ এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।