বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার লঘুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে জামিন দিয়েছে হাইকোর্ট। সাজার রায়ের বিরুদ্ধে তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী বলেন, অপ্রাপ্ত বয়স্ক তিন আসামির সাজা কম থাকায় আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছে।
গত বছরের ২৭ অক্টোবর বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামির মধ্যে ছয় জনকে ১০ বছর করে এবং চার জনকে পাঁচ বছর করে এবং এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেয় শিশু আদালত। খালাস পান তিন আসামি। তবে প্রাপ্তবয়স্কদের মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনকে মৃত্যুদণ্ড দেয় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। এদের আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।