রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে, করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রাখতে পারায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
এরপর সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। স্পিকার এ সময় সংসদে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। সংসদের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন স্পিকার। করোনা মহামারির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় সংসদের কার্যক্রম অব্যাহত রাখায় স্পিকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।