খুলনায় ভাড়া না পেয়ে তালা দেওয়া ঘরে শিশু মৃত্যুর ঘটনায় মামলা

খুলনায় বাড়ি ভাড়ার টাকা না পেয়ে ভাড়াটিয়ার দরজায় তালা ও বন্ধ ঘরে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ড. আতিকুস সামাদ এই আদেশ দেন। মামলায় বাড়িওয়ালা কুয়েত প্রবাসী নূর ইসলাম ও তার পিতা নওশের আলীকে আসামি করা হয়েছে।

শিশু নেলিহার পিতা ইমদাদুল হক সাগর মামলায় উল্লেখ করেন, মাত্র এক মাসের বাড়ি ভাড়া না পেয়ে বাড়িওয়ালার পিতা নওশের আলী তাদের ঘরে অনাধিকার প্রবেশ করে আসবাবপত্রের ক্ষতিসাধন করে প্রধানগেটে তালা লাগান এবং জীবননাশের হুমকি দেন। তালাবদ্ধ ঘরে ছয় মাসের শিশু পানিতে ডুবে গেলেও তিনি তাকে হাসপাতালে নিতে পারেননি। যা চিকিত্সা কাজে বাধা ও হত্যার সামিল। মামলায় আরো উল্লেখ করা হয়, এ ব্যাপারে লবণচরা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তারা জানতে পারেন, পুলিশ  অভিযোগ গ্রহণ করেনি। আদালত বাদীর অভিযোগ পর্যালোচনা করে মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

জানা যায়, এক মাসের বকেয়া ভাড়া বাবদ মাত্র ৪ হাজার টাকা দিতে না পারায় গত ৮ জানুয়ারি মহানগরীর লবণচরা থানার রিয়াবাজার এলাকায় কাঠমিস্ত্রী ইমদাদুল হকের ঘরে তালা মেরে দেন বাড়িওয়ালা। এ অবস্থায় ১১ জানুয়ারি দুপুরে শিশু কন্যা নেলিহা বালতির পানিতে ডুবে গেলে তাকে হাসপাতালে নিতে না পারায় তার মৃত্যু হয়। পরবর্তীতে এলাকাবাসী তালা ভেঙে তাদের উদ্ধার করে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা শাখা বাদীকে মামলা পরিচালনায় সহায়তা করছে।