নারীর পিছিয়ে পড়ার আর সুযোগ নেই। এখন তাদের এগিয়ে যাওয়ার সময়। সব ক্ষেত্রে নারীরা প্রতিনিধিত্ব করছে। নতুন নতুন চ্যালেঞ্জিং পেশায় তারা যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নারীকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। গতকাল সোমবার রাজধানীর হাজারীবাগ জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত পরামর্শক সভায় বক্তারা এসব কথা বলেন। ‘শহরের দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে নগদ অর্থ সহায়তা এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের সেবাগ্রহণের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে’ এই পরামর্শ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ঢাকা পশ্চিম কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় নারীর প্রতি সব ধরনের সহিংসতা-বৈষম্যের অবসান ও আর্থিক সক্ষমতা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। বিএনপিএসের ঐ সভায় সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী ইলিয়াছুর রহমান বাবুল।
বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক (অঞ্চল-৩) কর্মকর্তা বাবর আলী মীর, সংরক্ষিত নারী কাউন্সিলর শিরীন গাফফার, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শাহ আলম খান, সমাজসেবা অফিসার মো. জহির উদ্দিন, সমাজকল্যাণ কর্মকর্তা রোকন উজ জামান, পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদীন, সাংবাদিক সাকিলা পারভীন, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, বিএনপিএসের ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নারী-পুরুষ, ধনী-গরিব পরস্পরের প্রতি সহনশীল থাকতে হবে।
অনুষ্ঠানে নারী প্রগতি সংঘের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীকে সেলাই কাজের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় অতিথিরা নারী প্রগতি সংঘের এ কর্মসূচির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন।