পাকিস্তানে মোদির ছবি নিয়ে স্বাধীনতাকামীদের মিছিল

সিন্ধু প্রদেশের স্বাধীনতার দাবিতে ভারতের সহায়তা কামনা

পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্বাধীনতার দাবিতে মিছিলে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। বিক্ষোভকারীদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশ যেন এজন্য তাদের পাশে থাকে। আনন্দবাজার পত্রিকা

বিক্ষোভকারীরা বলেন, পাকিস্তান থেকে সিন্ধু প্রদেশের স্বাধীনতার দাবি দীর্ঘদিনের। এজন্য তারা তাদের আন্দোলন বেগবান করে তুলছেন। কিন্তু এটি তাদের একার পক্ষে করা সম্ভব নয়। তাই এ দাবি আদায়ে গোটা বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা প্রয়োজন। রবিবার আধুনিক সিন্ধু জাতীয়তাবাদের অন্যতম প্রধান জি এম সাইয়েদের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তারা এ দাবি তোলেন। প্রতিবাদকারীরা বলেন, সিন্ধু প্রদেশ প্রাচীনকালে সিন্ধু উপত্যকার অংশ ছিল। ব্রিটিশ সরকার সেই উপত্যকা দখল করে। তারপর ১৯৪৭ সালে দেশভাগের সময় তা পাকিস্তানের হাতে তুলে দেয়। অপর একজন আন্দোলনকারী বলেন, এতদিন সংস্কৃতি ও ইতিহাসের ওপর প্রবল অত্যাচার চলার পরেও সিন্ধু প্রদেশ তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় সমানভাবে বজায় রেখেছে। সারা পৃথিবীর মানুষ এই সভ্যতা থেকে উপাদান সংগ্রহ করে নিজের মতো গড়ে নিয়েছে। ১৯৬৭ সাল থেকে তারা এটিকে তাদের নিজেদের ভূমি বলে দাবি করে আসছে। সেসময় এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন জি এম সাইয়েদ ও পির আলি মহম্মদ।