রপ্তানিমুখী পণ্যের খাতভিত্তিক চাহিদাপত্র প্রণয়নে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রপ্তানিমুখী পণ্যের খাতভিত্তিক চাহিদাপত্র প্রণয়ন এবং সে অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, দেশের রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য একটি ব্যবসা-বান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণের কোনো বিকল্প নেই।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীরের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি আজ সোমবার এ কথা বলেন। বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

মুনশি বলেন, আমাদের রপ্তানির জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ একান্ত প্রয়োজন এবং এ জন্য তৈরি পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় অন্যান্য পণ্যের জন্য প্রণোদনা ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

আরও পড়ুন: এ সরকার লুটপাট করে বিজয় উৎসব করছে: মির্জা ফখরুল

ওসামা তাসীর বলেন, ২০২৪ সাল নাগাদ এলডিসি পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান আরও সুদৃঢ় করার জন্য রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এমন বিষয়সমূহ নিয়ে বেসরকারিখাতের অংশগ্রহণে একটি সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

পাশাপাশি রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে একটি কমপ্রিহেনসিভ ট্রেড পলিসি প্রণয়ন ও অটোমেটেড শুল্ক ব্যবস্থা নিশ্চিত করার প্রস্তাব করেন তিনি। বাসস।

ইত্তেফাক/এমআই