মাইজবাড়ী-মাদারিয়া রাস্তা
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী-মাদারিয়া রাস্তাটি সংস্কারের অভাবে খানাখন্দের সৃষ্টি হয়েছে। একপাশে পৌরসভার রাস্তা, অন্যপাশের অংশ ইউনিয়নের রাস্তা। আর এই ইউনিয়নের প্রায় ৮০০ মিটার অংশের রাস্তা খানাখন্দে ভরা। দেড় কিলোমিটার রাস্তাটির প্রায় ৮০০ মিটার রাস্তার পাকা অংশ উঠে গেছে। রাস্তায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক গ্রামের শত শত মানুষ যাতায়াত করে।
পলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমির আলী বলেন, পাকা রাস্তাটির কয়েক শ মিটার অংশ দিয়ে এখন হেঁটে যাওয়াই কষ্টকর। মধ্যের অংশ পাকা থাকলেও দুই পাশে সংস্কার না হওয়ায় গ্রামের মানুষের ভোগান্তি বেড়েছে। মাইজবাড়ী গ্রামের ভ্যানচালক মানিক মিয়া বলেন, রাস্তাটি ভেঙে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ভ্যান চালাতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। রবিউল ইসলাম বলেন, ভাঙা রাস্তা দিয়ে গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের চলাচলে অসুবিধায় পড়তে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য রাসেল বলেন, পৌরসভা সীমান্তঘেঁষা এই রাস্তাটি দিয়ে কয়েক গ্রামের শত শত মানুষ প্রতিদিন চলাচল করে; কিন্তু রাস্তার দুই অংশে ভাঙা থাকায় কেউ এখন এই রাস্তায় চলাচল করতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, রাস্তাটি সংস্কারের জন্য গ্রামবাসীর একটি লিখিত আবেদন পেয়েছি। সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।