যমুনায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবি

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার থেকে উলিয়া পর্যন্ত যমুনা নদীর বামতীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে অবিলম্বে যমুনার বামতীর গুঠাইল বাজার থেকে উলিয়া বাজার পর্যন্ত আট কিলোমিটার বাঁধ কাম রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামসহ বক্তারা বলেন, এ এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ কাম রাস্তাটি নির্মাণ হলে হাজার হাজার একর ফসলি জমিসহ বাড়িঘর, রাস্তা, ব্রিজ-কালভার্ট রক্ষা পাবে, তেমনি বন্যার সময় অসহায় মানুষ বাঁধে আশ্রয় নিয়ে দুর্ভোগ থেকে রক্ষা পাবে।