স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউপি কার্যালয়ে উদ্যোক্তার কক্ষ থেকে কম্পিউটারসামগ্রী চুরি হয়েছে। এ ঘটনায় ইউপির সচিব বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার সকালে ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থানায় করা লিখিত অভিযোগে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্থানীয় মাদকাসক্তরা এর সঙ্গে জড়িত।
অভিযোগ সূত্রে জানা যায়, ভান্ডারবাড়ি ইউপি ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করেন উদ্যোক্তা নাছিমা খাতুন। তিনি রবিবার সন্ধ্যায় কাজ শেষে কক্ষ বন্ধ করে বাসায় যান। রাতে কক্ষ থেকে একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, দুইটি প্রিন্টার ও আইপিএসের ব্যাটারি চুরি হয়। সোমবার সকালে নাছিমা খাতুন কার্যালয়ে এসে চুরির বিষয়টি টের পান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইউপি উদ্যোক্তার কক্ষে চুরির অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।