স্পোর্টস রিপোর্টার
আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সিরিজগুলো পরিচালনা করছেন স্বাগতিক দেশের ম্যাচ অফিশিয়ালরা। যে নিয়মের মাধ্যমে আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে ম্যাচ রেফারি হিসেবে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার নেয়ামুর রশীদ রাহুলের। সিরিজের তিন ম্যাচের জন্য রাহুলকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ করেছে আইসিসি। এর আগে আইসিসি সহযোগী দেশগুলোর ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের আম্পায়াররাই দায়িত্ব পালন করবেন। চার বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভির আহমেদ সিরিজ পরিচালনা করবেন। এছাড়া ডিআরএস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন আইসিসির নিযুক্ত হেনরি এলিসন।