ক্লাব ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের সঙ্গে এবার বাড়তি নিষেধাজ্ঞাও দেখছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। রবিবার সুপার কোপার ফাইনালের শেষ মিনিটে অ্যাথলেটিকো বিলবাওয়ের আসিয়ের ভিয়ালিব্রিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন মেসি। বলবিহীন এই আগ্রাসনের জন্য এখন মেসিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞাও দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কোপা দেল রে-তে করনেল ও লা লিগায় এলচের বিপক্ষে অনুষ্ঠিতব্য বার্সার পরবর্তী দুই ম্যাচে মাঠে দেখা যাবে না এই আর্জেন্টাইনকে। নিষেধাজ্ঞা শেষে মেসির প্রথম ম্যাচ হতে যাচ্ছে আবার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষেই। ৩১ ডিসেম্বর দিবাগত রাতে লা লিগার ম্যাচে বিলবাওয়ের মুখোমুখি হবে রোনাল্ড কোম্যানের বার্সেলোনা।