ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্যকারী নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদেরের বিচার চেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে একটি রাস্তার উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বিচার দাবি করেন।
এমপি নিক্সন বলেন, ‘নোয়াখালীর ঐ ব্যক্তি মন্তব্য করেছেন, বাংলাদেশের সকল এমপি মদ খায়। উনি একজন মেয়র, সংসদ সদস্যদের নিয়ে এমন মন্তব্য উনি কীভাবে করেন? উনি বলেছেন নিক্সন চৌধুরী তার মামার জোরে চলে। এমপি নিক্সন চৌধুরী তার মামা শেখ সেলিমের জোরেও চলে না, তার ভাই লিটন চৌধুরীর জোরেও চলে না, এমপি নিক্সন চৌধুরী চলে জনগণের জোরে’।
এমপি নিক্সন বলেন, আমি নাকি ভোট চুরি করে এমপি হয়েছি। এটা কি পাগলেও বিশ্বাস করবে? সারা দেশের মানুষ জানে ফরিদপুর-৪ আসনে কেমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্ল্যাহকে হারিয়ে আমি নির্বাচিত হয়েছি।
তিনি বলেন, ‘আমি চিনিও না জানিও না ঐ লোককে। হঠাত্ কইরা ঐ ব্যক্তি আমাকে নিয়ে উলটাপালটা মন্তব্য শুরু করছে। তাকে পাগল ছাড়া আর কিছু বলা যায় না। উনি আওয়ামী লীগের বড় এক নেতার ভাই। সে তার বড় ভাই নিয়া উলটাপালটা কথা বলে, বড় ভাবীকে নিয়ে উলটাপালটা কথা বলে’।
নিক্সন চৌধুরী আরো বলেন, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আপনারা যোগ্য ব্যক্তিকে যারা আপনাদের পাশে থাকবে, যারা আমার কাছে আপনাদের কথা বলতে পারবে তাকে ভোট দিবেন। সরকারি কর্তকর্তাদের দালালদের ভোট দিবেন না।
এর আগে নিক্সন চৌধুরী চরভদ্রাসনের গাজীরটেক ভায়া সদরপুর বর্ডার আরসিসি সড়কের উদ্বোধন করেন। এর পরে তিনি ঐ এলাকায় শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফেজ মো. কাউসার, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস এম ফরহাদ, যুবলীগের সভাপতি মোরাদ হোসেন, ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান।
এর পরে নিক্সন চৌধুরী চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে চরভদ্রাসন রাইডার্স ক্লাব আয়োজিত বিজয় একাত্তর ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলার উদ্বোধন করেন।