ফার্স্ট লেডির দায়িত্ব পালন আমার জীবনে সবচেয়ে মর্যাদার

ইত্তেফাক ডেস্ক

বিদায়ের দুই দিন আগেই বিদায় বার্তা পাঠিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের জন্য সবচেয়ে মর্যাদার। আজ বুধবার হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া। খবর সিএনএনের

মেলানিয়া টুইটারে পোস্ট করা ভিডিও বার্তায় বলেন, ‘আমার আমেরিকাবাসী, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সবচেয়ে সম্মানের।              আমি দেশের নাগরিকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি’। মেলানিয়া সামরিক বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান। যদিও ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার বিষয়ে তিনি কিছু বলেননি। নির্বাচনে চুরির বিষয়ে তার স্বামী প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের বিষয়েও কিছু বলেননি। মেলানিয়া সব নার্স, চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, উত্পাদনে নিয়োজিত শ্রমিক এবং ট্রাকচালকসহ সব শ্রমজীবী মানুষকে তাদের সেবার জন্য ধন্যবাদ জানান। তিনি করোনায় মারা যাওয়া ব্যক্তিদের স্বজনদের প্রতিও সমবেদনা জানান।