অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মুজিবুর রহমান দিলুর বড় ভাই নাট্যজন আতাউর রহমান। ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজার পর শিল্পকলা একাডেমিতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বনানী কবরস্থানে দাফন করা হয়।

এই বীর মুক্তিযোদ্ধা-অভিনেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের প্রমুখ।

নিউমোনিয়ার সমস্যা নিয়ে গত মঙ্গলবার রাতে প্রথমে উত্তরায় একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই থিয়েটার অ্যাকটিভিস্ট ও নাট্যকার। এ সময় চিকিত্সকরা জানিয়েছেন, তার ফুসফুসের বাঁ পাশে ৭০ শতাংশ আর ডান পাশে ১০ শতাংশ আক্রান্ত হয়েছে। এর আগে ২০০৫ সালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন দিলু। এরপর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেন। তিনি শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ে নির্বাহী পরিচালক পদে কমর্রত ছিলেন।

শিল্পকলায় শ্রদ্ধা :গতকাল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নাট্যশালা আঙিনায় রাখা হয় মুজিবুর রহমান দিলুর শবদেহ। লাল-সবুজে মোড়ানো মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান ভক্ত-শুভার্থীরা।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, মুজিবুর রহমান দিলু শুধু একজন ভালো অভিনেতাই ছিলেন না, ছিলেন অসমসাহসী এক যোদ্ধা। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি।