বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের জন্য ‘মানি’ এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর গতকাল মঙ্গলবার আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (জাপা) গোলাম কিবরিয়া টিপু বলেন, দেশের টাকা বিদেশে যায়। শত শত কোটি নয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে যায়। কিন্তু ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলতে নানা কৈফিয়ত দিতে হয়। ছোট ছোট ব্যবসায়ীদের ধরা হয়, কিন্তু রাঘববোয়ালরা পার পেয়ে যায়। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক বিরোধীদলের সঙ্গে গোপনে আঁতাঁত করে। আবার তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথা বলেন। তাদের চিহ্নিত করতে হবে।
সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, জিয়াউর রহমান বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম’। কিন্তু জিয়া পরিবারের জন্য শেষ পর্যন্ত মানি ইজ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারণ অর্থলোভী জিয়া পরিবারের অর্থের ক্ষুধার লোভে বিএনপি পরিবার এখন পুড়ে মরছে। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ থাকে এবং দেশের বড় রাজনৈতিক দল স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সহযোগিতা করে—সেই দেশকে এগিয়ে নেওয়া সহজ নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সম্ভব করেছেন। সারা দেশের মানুষের কাছে আজ শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে গেছে, ভালোবাসা পৌঁছে গেছে। বিএনপির সমালোচনা করে এমিলি বলেন, খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসায়। বিএনপির আমলে হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতির রাজত্ব কায়েম করে। সন্ত্রাসের রাজনীতি কায়েম করে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল জিয়াউর রহমান। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জাতিকে বেশি করে জানবার সুযোগ দিতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ‘মুজিব চেয়ার’ নামে একটি পদ সৃষ্টির আবেদন জানান নাটোর-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন্নাহার বলেন, রামপাল, মোংলা একসময় নদী-নালা, খাল-বিল এলাকা ছিল। এখন যা কিছু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে হয়েছে।