নাটোরে অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার রাতে নাটোর সদর উপজেলার পার হালসা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পার হালসা গ্রামের কৃষক মো. আব্দুস সালাম ইঁদুরসহ পোকা-মাকড় দমনে তার আবাদি জমিতে রবিবার সকালে গ্যাস ট্যাবলেট দেন। দুপুরে বাড়িতে আসার পর মো. আব্দুল সালাম বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার ছেলে মো. রফিকুল ইসলাম বাড়ি থেকে খাবার নিয়ে বাবাকে দেখতে হাসপাতালে যান। সেখানে রফিকুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। রফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রাজশাহীতে যাওয়ার প্রস্তুতির সময় রাত দুইটার দিকে রফিকুলের মৃত্যু হয়।
আরো পড়ুন: গেলো বছর দেশে ১১ হাজার জনের আত্মহত্যা
মো. রফিকুল ইসলাম (২৩) নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (অনার্স) ছাত্র।
এদিকে ছেলের মৃত্যুর পর অসুস্থ বাবাকে ওই অবস্থায় হাসপাতাল থেকে রাতেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
ইত্তেফাক/অনি