ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আয়োজিত এক সমাবেশে শ্রমিক নেতারা বলেছেন, যে শ্রমিকরা দেশ গড়ার কারিগর তাদেরকে আজ সামাজিক নিরাপত্তার জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। শ্রমিক-কর্মচারীদের ওপর শোষণ বাড়ছে, দিনদিন বাড়ছে তাদের বঞ্চনা। অন্যদিকে, দেশের একটি শ্রেণি টাকার পাহাড় গড়ছে। মজুরি-বৈষম্যের কারণে কষ্টকর জীবনযাপন করছেন শ্রমিক-কর্মচারীরা। নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষ্যে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে তারা এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বৃহত্ শিল্প হলো নির্মাণশিল্প, দেশব্যাপী ছড়িয়ে ছিটে থাকা এবং সমপরিমাণ প্রবাসী শ্রমিকসহ প্রায় ৮০ লক্ষাধিক শ্রমিক কাজ করেন এই খাতে। এই খাতে কাজ করতে গিয়ে অনেকে আহত বা নিহত হন। অনেকেই দুর্ঘটনায় সারাজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়ে পঙ্গুত্ব বরণ করছেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ইনসাবের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, ইনসাব নেতা জয়নাল আবেদীন, সোহরাব হোসেন, হারুন অর রশীদ, আলী হোসেন, গোলাম রাব্বানী, আজিজুল হক বাঙালি, রেজাউল ইসলাম, আজিজুর রহমান আজিজ, সায়েরা খাতুন প্রমুখ।