হালকা যানের লাইসেন্সে বাস চালাচ্ছিল চালক তসিকুল

রাজধানীর বিমানবন্দর সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর বাসচাপায় নিহতের ঘটনায় ঘাতক বাস আজমেরী পরিবহনের চালককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার বাসচালক তসিকুল ইসলামের (২৮) হালকা যান চালানোর লাইসেন্স আছে। ১০ বছর ধরে এই লাইসেন্স দিয়েই তিনি বাস চালাচ্ছেন। সাধারণত বাস ও ট্রাক চালকদের পেশাদার ও ভারী যান চালানোর লাইসেন্স নিতে হয়। সোমবার মধ্যরাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাসটির হেলপার ও কন্ডাক্টর পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এসব কথা বলেন।

সিআইডি জিজ্ঞাসাবাদে চালক দাবি করে, মোটরসাইকেলটি হঠাত্ তার সামনে চলে আসে, কুয়াশার কারণে তিনি মোটরসাইকেলটি দেখতে না পারায় চাপা পড়ে যায়। পলাতক বাসের হেলপার ও কন্ডাক্টারকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

এদিকে, সিআইডি দপ্তরে লাইসেন্স আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চাইলে চালক তসিকুল বলেন, আমার হালকা যান চালানোর লাইসেন্স আছে। ১০ বছর ধরে এই লাইসেন্স দিয়েই আমি গাড়ি চালাচ্ছি। সিআইডি জানায়, চালক তসিকুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শেরপুর গ্রামে।