রাজাকে নিয়ে উপহাস

থাইল্যান্ডে এক নারীর ৪৩ বছর কারাদণ্ড

থাইল্যান্ডে রাজাকে অবমাননার দায়ে এক নারীকে সাড়ে ৪৩ বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের আদালত। ফেসবুক ও ইউটিউবে রাজাকে অবমাননা করে ভিডিও পোস্ট করায় এই শাস্তি দেওয়া হয়েছে। খবর আলজাজিরার

ফেসবুক ও ইউটিউবে ভিডিও পোস্ট করায় আনচান নামে প্রায় ৬০ বছর বয়সি ঐ নারীর বিরুদ্ধে ২৯টি অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ কারাদণ্ড দেয় ব্যাংককের অপরাধ আদালত। রায় ঘোষণার পর এ দণ্ডের নিন্দা জানিয়েছে থাইল্যান্ডের বিভিন্ন মানবাধিকার গ্রুপ। হিউম্যান রাইটস গ্রুপ জানায়, প্রাথমিকভাবে তাকে ৮৭ বছরের কারাদণ্ড দেয় থাই আদালত। তবে অপরাধ স্বীকার করে নেওয়ায় দণ্ড অর্ধেক কমিয়ে দেওয়া হয়। তার মামলাটি প্রায় ছয় বছরের পুরোনো। ২০১৪ সালে প্রায়ূথ চান ওচার নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটলে এ মামলা দায়ের হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮-এর নভেম্বর পর্যন্ত কারাগারে ছিলেন এই নারী।

থাইল্যান্ডের রাজ অবমাননা আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে পরিচিত। থাই রাজতন্ত্রে যে সব কিছুই রাজা, রানি, উত্তরাধিকারী কিংবা শাসকের বিরোধিতা হিসেবে চিহ্নিত হয়, সে কারণগুলোতেই নাগরিকদের সাজা দেওয়ার অধিকার রাখেন থাই রাজা। ঐ আইনের আওতায় এক একটি অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। দেশটিতে রাজার ক্ষমতা হ্রাস এবং সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত আছে। হিউম্যান রাইটস ওয়াচ এ কারাদণ্ডের কড়া নিন্দা জানিয়েছে।