বুয়েটের আবরার হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় প্রথম তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক কবিরহোসেন হাওলাদার আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তিনি জবানবন্দি দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। আজ বুধবার মামলার পরবর্তী বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। চার্জশিটভুক্ত ২৫ আসামির মধ্যে ২২ জন কারাগারে আছেন। গতকাল তাদের আদালতে হাজির করা হয়।

২০১৯ সালে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েক জন নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।