নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেনসহ তিন জনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩ ফেব্রুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। পিপলস লিজিংয়ের শেয়ার ফেরত দিতে নির্দেশ কেন দেওয়া হবে না তার জবাব জানতে এই তলবের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আইনজীবী মেজবাহুর রহমান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের অনুমোদন নিয়ে পিপলস লিজিং অবসায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে মোয়াজ্জেম হোসেনের ৩১ লাখ ২৫ হাজার শেয়ার পিপলস লিজিংয়ে ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। ঐ আবেদনের শুনানির পর আদালত কারণ দর্শাতে এম মোয়াজ্জেম হোসেন ও দুটি প্রতিষ্ঠানসহ পাঁচ জনকে তলব করেছে। বাকি দুজন হচ্ছেন ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের পরিবারের সদস্য ফারজানা মোয়াজ্জেম ও এহসান-ই-মোয়াজ্জেম।