রাজধানীতে নিজের ফ্ল্যাটে মডেলের ঝুলন্ত লাশ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাট থেকে মডেল সাদিয়া ইসলাম নাজের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ২১ নম্বর সড়কের ৭৯২ নম্বর ভবনের দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলছিল।

পুলিশ জানায়, ভোরে নাজের কোনো স্বজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেছিলেন। সেখান থেকে তথ্য পেয়ে ওই ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে সেটি ভেঙে লাশ উদ্ধার করা হয়। 

ভাটারা থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান, নাজের পরিবার গ্রামের বাড়ি খুলনায় থাকেন। সেখানে সোমবার ফোনে তার বাবা মনিরুল ইসলামের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। রাত ১১টার পর থেকে তার ফোনটি বন্ধ পান স্বজনেরা।  

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজ আত্মহত্যা করেছেন। তবে তিনি যে ফ্ল্যাটে থাকতেন সেখানে সিসি ক্যামেরা রয়েছে। ফুটেজ এনে যাচাই করা হচ্ছে। তাছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।