আবারো সালমানের সিনেমায়...

বিনোদন ডেস্ক

 

প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের জুটি মানেই ভক্তদের বাড়তি আগ্রহ, বক্স অফিস হিট। এরইমধ্যে সালমান-ক্যাটরিনা বেশ কয়েকটি দর্শকনন্দিত সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। আর তাই সিনেপ্রেমীদেরও আগ্রহ থাকে কবে আসছে তাদের নতুন সিনেমা। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। নতুন বছরের শুরুই মন ভালো করা এমন খবরে শিরোনাম হয়েছে এই তারকা জুটি। জানা গেছে, আগামী মার্চে টাইগার সিনেমার সিক্যুয়েল ‘টাইগার থ্রি’র কাজ শুরু করবেন সালমান। শুটিং চলবে সেপ্টেম্বর পর্যন্ত। আর এই সিনেমাটিতেই সালমানের বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ। মহেশ মাঞ্জরেকর পরিচালিত ‘অন্তিম’ সিনেমার শুটিং শেষ করেই ‘টাইগার থ্রি’র কাজে অংশ নেবেন সালমান। তার সঙ্গে ক্যাটরিনা থাকছেন এটাও এখন চূড়ান্ত।

ক্যাটরিনা বলেন, ‘সালমানের সঙ্গে কাজ মানেই ক্যারিয়ারে নতুন কিছু। এর আগেও তার সঙ্গে কাজ করেছি। দর্শকরা আমদের জুটিকে সাদরে গ্রহণ করেছেন। এবারো তাদের হতাশ করবো না। ভিন্ন চমক নিয়ে আসছি আমরা।’

এ বছরই মুক্তি পাবে ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমাটি। বর্তমানে তার ব্যস্ততা চলছে ‘ফোন ভূত সিনেমাটি নিয়ে। এছাড়াও সম্প্রতি তিনি দক্ষিণী সিনেমা ‘সুপার সোলজার’-এ চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে সালমানের ‘রাধে:ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ এ বছরই মুক্তি পাচ্ছে। তাছাড়া ‘অন্তিম’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।