ফ য় জু ল আ ল আ মী ন
আগামী ২৩ জানুয়ারি পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে দলটির আলোচিত প্রযোজনা ম্যাকবেথ ও গহনযাত্রা।
ম্যাকবেথ :স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরছিলেন নিজ গন্তব্যে। পথে এক রহস্যময় শক্তি তার পথ আটকে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে— একসময় ম্যাকবেথ হবে কডোর প্রধান। ওই ঘটনার পর ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারেন বিস্তারিত, মনে জন্ম নেয় উচ্চাকাঙ্ক্ষা। রাজা ডানকানকে হত্যার জন্য তিনি ম্যাকবেথকে প্ররোচিত করেন। পরে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ। ঘটনাকে আড়াল ও রাজা হত্যার দায় কৌশলে এড়াতে ম্যাকবেথ একে একে হত্যা করে ডানকানের দেহরক্ষী ব্যাংকো ও ম্যাকডাফের স্ত্রী-সন্তানদের। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষা বাঁচাতে পারে না ম্যাকবেথকে।
এটি ম্যাকবেথ নাটকের মূল গল্প। এবার নাটকটির ৫০তম মঞ্চায়ন। পদাতিক নাট্য সংসদের ৩৬তম এই প্রযোজনা। উইলিয়াম শেকসপিয়ার রচিত নাটকটি সৈয়দ শামসুল হকের অনুবাদ থেকে নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
গহনযাত্রা : এই ভূখণ্ডের কোনো এক স্থানে জন্ম হয় উগ্রপন্থার। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য তারা চালায় ধ্বংসলীলা। হত্যা করে অগণিত মানুষ; ধর্ষণের শিকার হয় অসংখ্য নারী। এভাবে এগিয়ে যায় গল্প। ‘গহনযাত্রা’ পদাতিক নাট্য সংসদের ৩৯তম প্রযোজনা। এবার নাটকটির ৫০তম মঞ্চায়ন।