আবর্জনার দুর্গন্ধ মহাসড়ক জুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের একাধিক স্থানে প্রতিদিনই জমছে আবর্জনার স্তূপ। হোটেল-রেস্টুুরেন্ট বা বাসা-বাড়ির ফেলা এসব পচা-গলা আবর্জনার দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন যাত্রীসহ পথচারীদের। মরা গবাদি পশুও মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। আর এভাবেই প্রতিদিন মহাসড়কের পরিবেশ দূষিত হয়ে উঠছে। আবর্জনা পচে-গলে বহু স্থানে সড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। ময়লা-আবর্জনা বাড়লেও তা অপসারণে কারো কোনো মাথাব্যথা নেই। মহাসড়কের পাশে হোটেল-রেস্টুুরেন্ট চালু করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। সংশ্লিষ্ট হোটেল বা রেস্টুরেন্টের ময়লা ফেলার নিজস্ব স্থান না থাকার পরও কিভাবে সেগুলো অনুমতি পায় বোধগম্য নয়। দাউদকান্দির ইলিয়টগঞ্জ, চান্দিনা, বুড়িচংয়ের নিমসার, নাজিরাবাজার, আদর্শ সদরের নিশ্চিন্তপুর, আমতলী, আলেখারচর, সদর দক্ষিণের পদুয়ারবাজার, সুয়াগাজী, চৌদ্দগ্রামের মিয়াবাজার, জগপুর, পৌরসভা এলাকাসহ আরো বেশ কিছু স্থানে প্রতিদিনই ময়লা-আবর্জনা জমছে। এতে অসহনীয় হয়ে উঠছে পরিবেশ। এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০