সেশনজট নিরসনে চাই কার্যকর পদক্ষেপ

করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও সর্বস্তরে তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। চড়া মূল্যের ইন্টারনেট প্যাকের পাশাপাশি দুর্বল গতি, কতিপয় শিক্ষকের অনীহা ও প্রযুক্তি জ্ঞানের অভাবে গৃহীত সময়োপযোগী পদক্ষেপও ফলপ্রসূ হচ্ছে না। সেইসঙ্গে মানুষের উপার্জন উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পাওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ছিটকে পড়ছে। পরিবারের শক্তি হয়ে ওঠার পরিবর্তে তারা বোঝা হয়ে উঠছে। শিক্ষার কোনো বয়স না থাকলেও চাকরিতে আবেদন করার বয়সসীমা ঠিকই বেঁধে দেওয়া আছে। এ অবস্থার উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সাপ্তাহিক ও বাত্সরিক ছুটি কমানো, অতিরিক্ত ক্লাস নেওয়া, সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন ও শিক্ষকদের আন্তরিকতাসহ শিক্ষাব্যবস্থায় নিয়ে আসতে হবে আমূল পরিবর্তন।

মো. তানভীর রহমান

শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া