রূপগঞ্জে ৪৯৮ ঘর পাচ্ছেন গৃহহীনরা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন, আধুরিয়া ও মুড়াপাড়ায় ভূমি-গৃহহীন পরিবারের জন্য ৪৯৮টি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে ৫০ শতাংশ জমি নিয়ে দড়িকান্দি এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে নির্মিত আবাসন প্রকল্পের জমি ও গৃহ বিতরণ কার্যক্রম ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। বুধবার প্রকল্প পরিদর্শন করেন আশ্রয়ণ প্রকল্প-২-এর পরিচালক মাহবুব হোসেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমান উল্লাহ উপস্থিত ছিলেন।