স্পোর্টস রিপোর্টার
করোনাকালে বাংলাদেশ সফরটা যেন দায় সারার ক্ষেত্রই হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। শীর্ষ ১২ ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে উইন্ডিজরা। গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের দলে অভিষেক হয়েছে ৬ ক্রিকেটারের। অভিষিক্ত ছয় জন হলেন আকিল হোসেন, আন্দ্রে ম্যাককার্থি, কাইল মেয়ার্স, এনক্রুমা বনার, জশুয়া দা সিলভা ও শেমার হোল্ডার।
বাংলাদেশের বর্তমান দলটার সঙ্গে ক্যারিবিয়ানদের শক্তির ব্যবধানটা দৃশ্যমান। গতকাল ম্যাচে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের একাদশে থাকা ক্রিকেটারদের ঝুলিতে ছিল সাকুল্যে ১০৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা, যেখানে বাংলাদেশের একাদশে ছিল ১১১৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা। দুই শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিকের।
উইন্ডিজদের একাদশে সর্বোচ্চ ৩৪ ম্যাচের অভিজ্ঞতা ছিল রোভম্যান পাওয়েলের। অধিনায়ক জেসন মোহাম্মেদ এই ম্যাচের আগে খেলেছেন ২৮ ওয়ানডে। দুই দলের শক্তিমত্তায় যোজন-যোজন ব্যবধানের ছাপ ছিল ২২ গজের লড়াইয়েও।