আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নগরীর অলিগলি ও রাজপথ পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচন আচরণবিধি মেনে বিকালে সব মেয়র ও কাউন্সিলর প্রার্থী তাদের রুটিনমাফিক নির্বাচনি প্রচারণার চূড়ান্ত গণসংযোগে ব্যস্ত হয়ে উঠেছেন। পাড়া-মহল্লায় প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে নানা রকম আলাপ-আলোচনাও চলছে। সমর্থকদের দল বেঁধে লিফলেট বিতরণে এক উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার চসিক নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচারণার ১৩তম দিনে নগরীর পাথরঘাটা, বক্সিরহাট ও দেওয়ান বাজার ওয়ার্ডে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গণসংযোগকালে তিনি এলাকাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানান এবং নৌকা প্রতীকে ভোটপ্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ব্যবসাবাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় বক্সিরহাটকে। নানা কারণে জৌলুস হারাতে বসেছে ঐতিহ্যবাহী এ ব্যবসাকেন্দ্র। দখলের কারণে চাক্তাই, খাতুনগঞ্জ, বক্সিরহাট এলাকার চাক্তাই খাল ভরাট হয়ে দুঃখের কারণ হয়ে ওঠলে আমি প্রথম চাক্তাই খাল খননের জন্য সংগ্রাম কমিটি গঠন করেছিলাম। সিডিএর তত্ত্বাবধানে পরিচালিত চলমান জলাবদ্ধতার মেগাপ্রকল্পের মাধ্যমে সে সংকট অচিরেই দূর হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চন্দন ধর, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর পদপ্রার্থী চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজি নুরুল হক, মো. জাবেদ, পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী লুত্ফুন্নেসা দোভাষ বেবী, রুমকি সেনগুপ্ত প্রমুখ।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম পর্যটন শিল্পের অপার সম্ভাবনার জায়গা। এখানে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ স্মারক, পতেঙ্গা সমুদ্রসৈকত ও ফয়’স লেকসহ অসংখ্য পর্যটন স্পট। আমি মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করব। তিনি গতকাল বুধবার দিনব্যাপী নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের গণসংযোগকালে এসব কথা দেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দিন আলম ও হুম্মাম কাদের চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, চাকসু ভিপি নাজিম উদ্দিন, বিএনপি নেতা ইসহাক কাদের চৌধুরী, নগর বিএনপির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, আকবর শাহ থানা বিএনপির সভাপতি ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু প্রমুখ।