যুবককে পুলিশে সোপর্দের ঘটনায় বরিশাল অচল

বরিশাল বিসিক শিল্পনগরীতে সোহাগ নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করার ঘটনার জেরে বরিশালের সব বাসস্ট্যান্ড অচল করে দেওয়া হয়েছে। ঐ যুবককে অপহরণ, মারধরসহ পুলিশে সোপর্দকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের দাবিতে মেট্রোপলিটনের কাউনিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় ৬টা থেকে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত নগরীর দুই প্রবেশদ্বারের টার্মিনাল অবরোধ করলে বরিশাল থেকে ঢাকা-কুয়াকাটা-ঝালকাঠী-বরগুনা-ভোলা-পিরোজপুর ও পটুয়াখালীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করায় পুলিশ প্রশাসন কিংবা মালিক-শ্রমিক সংগঠন অনেকটা নিরুপায় হয়ে পড়ে। এতে করে সড়কের দুই পাশের কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন পড়ে যায়।

রাত ৯টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. ফজলুল করিম ইত্তেফাককে জানান, সোহাগের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান,                 শফিউল সফিক, রবিউলসহ ১০/১২ জনকে অজ্ঞাত করে এজাহার দাখিল হলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। এজাহার সোহাগ উল্লেখ করেছেন তাকে মারধর করা হয়েছে।

কাউনিয়া থানাপুলিশ সূত্র জানায়, সোহাগ নামে এক যুবককে গতকাল বুধবার দুপুরে বিসিক শিল্প এলাকায় ফরচুন সু কারখানার মধ্যে আটকে রাখার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যায় ক্ষমতাসীন দলের একদল নেতাকর্মী থানায় অবস্থান নিয়ে সোহাগের মুক্তি দাবি এবং শিল্পমালিক মিজানুর রহমানকে গ্রেফতারের দাবি জানায়। পুলিশ এতে রাজি না হওয়ায় সন্ধ্যার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল অবরোধ করে সড়ক যোগাযোগ অচল করে দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

সোহাগ পুলিশের কাছে দাবি করেছে, সে ফরচুন সু প্রতিষ্ঠানের কাছে টাকা পেত। পাওনা টাকা চাইতে গেলে তাকে আটকে রেখে মারধর করে মিথ্যা অভিযোগে থানায় সোপর্দ করা হয়েছে। তবে ফরচুন সু মালিক মো. মিজানুর রহমান জানান, তার কারখানার এক নারী শ্রমিককে বিসিক এলাকার মধ্যে উত্ত্যক্ত করে সোহাগ। তিনি গাড়িতে কারখানার দিকে যাওয়ার সময় এ ঘটনা দেখে সোহাগকে আটক করে কাউনিয়া থানাপুলিশে সোপর্দ করেন।

রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, নগরীর বিসিক শিল্পনগরীর এলাকায় এক আওয়ামী লীগ কর্মীকে এক শিল্পমালিক মারধর করার প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুলের নির্দেশে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রূপাতলী বাস টার্মিনালের সব বাস বন্ধ করে দেওয়া হয়।

বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু সাংবাদিকদের জানান, বিসিকের ফরচুন সু-মালিক মিজানুর রহমান অস্ত্র ঠেকিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগকে অপহরণ করে তার কারখানায় নিয়ে মারধর করে। এ ঘটনায় মামলাসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবিতে বরিশালের সব বাস চলাচল বন্ধ রয়েছে।