নড়াইলে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচ-ছয় জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ৬০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে         আটক করা হয়েছে। কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বাড়ির পার্শ্বে শহরের আলাদাতপুর এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের চেয়ার-টেবিল, নেতা-নেত্রীদের ছবিসহ অফিস পুড়ে গেছে। পরে খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে একই রাতে পার্শ্ববর্তী ডুমুরতলা এলাকার ঘোড়াখালী মোড়ের অফিসের সামনে একটি বড় নৌকা প্রতীক আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী জগ প্রতীকের প্রার্থী সরদার আলমগীর হোসেন জানান, ‘হালিম নামে আমার এক সমর্থকের ওপর হামলা চালানো হয়েছে। তিনি আগুন দেওয়া বা কোনো নির্বাচনি সহিংসতার সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন।’

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, সম্প্রতি জগ প্রতীকের লোকজন বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলে। নির্বাচনি অফিস পোড়ানোর সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি প্রার্থীর লোকজন জড়িত থাকতে পারে বলে তার ধারণা।